রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, শনিবার ভোরে গুলিস্তানের মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশ সদস্যরা বিষয়টি তাদের জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৮টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এসআই অভি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
-টিএস