শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পঞ্চগড়ের ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
পাশাপাশি গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বাহিনীটির সাইবার মনিটরিং টিম।
রোববার (১৮ অক্টোবর) বেলা সোয়া ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।
তিনি জানান, পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানান আবু রোহানী পারভেজ রনী। তিনি বলেন, গুজব ও মিথ্যা তথ্যের মাধ্যমে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি করছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
এ সময় এসআরবি সদস্য, স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস