গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গোডাউনে মজুত থাকা সব মালামাল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও গোডাউনের ঝুট রক্ষা করা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর আমবাগ ঈদগাহ মাঠের উত্তর-পূর্ব পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। গোডাউনে প্রচুর পরিমাণে ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিং কার্যক্রম চলছে।