ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাবেক সংসদ সদস্য নয়ন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। দুদকের ওই কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে নয়নের নামে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তাঁর স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার সম্পদ ও ব্যয়ের হিসাব পাওয়া গেলেও তাঁর গ্রহণযোগ্য আয়ের বিপরীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মামলার বিবরণ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০২৪ সালের ৪ নভেম্বর নয়নের বিরুদ্ধে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।

অনুসন্ধানে তাঁর নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এতে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। সম্পদ ও ব্যয় মিলিয়ে তাঁর মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা।

এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।

মামলায় অভিযোগ করা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নয়ন এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, দুদকের অনুসন্ধানে নয়নের স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ আরও ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। সম্পদ ও ব্যয় মিলিয়ে তাঁর মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।

তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবেও পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশত্যাগ করে ভারতে অবস্থান নেন। 

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement