জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের আগে চারজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড কার্যকরের আগে নিয়ম অনুযায়ী তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সিআইডির এক পরিদর্শক জানান, আসামিদের রিমান্ডে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর আগেও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।