গাজীপুরের পূবাইলে হাসনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রফিকুল ইসলামের (২৮) বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসনা আক্তারের সঙ্গে রফিকুল ইসলামের চার বছর আগে বিয়ে হয়। রফিকুল সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। গত চার বছরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।
এর জেরে রোববার দুপুরে রফিকুল গাছা থানার খাইলকুর এলাকায় শ্বশুরবাড়ির ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রফিকুলকে আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুলকে হেফাজতে নেয়। ঘটনাস্থল রেললাইনের সীমানার কাছে হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পূবাইল থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও মরদেহ সংশ্লিষ্ট রেলওয়ে (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এফএস