রাঙামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জোবায়ের হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাসরত জোবায়ের হোসেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জোবায়ের হোসেন পেশায় একজন ট্রেইলার (দর্জি) ছিলেন। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম মরহুম গোলাম রসুল।
পরিবার সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাপ্তাই প্রজেক্ট এলাকার কোনো একটি স্থানে ট্রেইলারের কাজ করছিলেন। এ সময় তাঁর মাঝে মধ্যে জ্বর আসা-যাওয়া করলেও তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।
পরে কাপ্তাই নতুন বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর ছোট ভাই কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রথম দিকে জ্বরকে তেমন গুরুত্ব না দিলেও পরে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জোবায়ের হোসেনের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এসএ