ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারিতে জড়ানো স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাঁদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিসকক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়।
সূত্র জানায়, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের একটি মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা আলাদা থাকছেন। পারিবারিক বিরোধ নিয়ে তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান। দুজনই ২০১১ সালের দিকে একই বিদ্যালয়ে যোগদান করেন।
বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের এমন আচরণ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফএস