দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি বাড়ি থেকে এক নারী ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী স্বর্ণা আক্তার (২৪)। তাঁর দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইফা মনি (১)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণার স্বামী শাকিল হোসেন (২৮) পেশায় ইজিবাইকচালক। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বামীর মাদকাসক্তি নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। রোববার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে শাকিল বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে যান।
পরিবারের সদস্যদের ভাষ্য, সন্ধ্যার দিকে দুই সন্তানকে নিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দেন স্বর্ণা। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পান।
ঘরের দেয়ালে লেখা একটি বার্তাও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা।’ বার্তাটিতে সন্তানদের নিজের হাতে মেরে ফেলার কথাও উল্লেখ রয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।