মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মালামাল নিয়ে বরিশালের মুলাদী উপজেলার চর মুনায় পীরের বাড়ির উদ্দেশে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। পথে সমষপুর ব্রিজের ওপর চাকা ব্লাস্ট হয়ে সেটি বিকল হয়ে পড়ে। এ সময় একই দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা মোজাম্মেল হোসেন (৬০) ও শফিউল্লাহ (৪০) আহত হন।
আহত মোজাম্মেল হোসেন বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। অপর আহত শফিউল্লাহ নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
মোঃ হামিদুল ইসলাম লিংকন / এফএস