চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাত দিনে পরিচালিত অভিযানে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৯০ কেজি ইলিশ ও ১৭টি বোটও জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। একই দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আটক ৫২ জেলের মধ্যে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ছাড়া জেলেদের কাছ থেকে ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে জব্দ করা ৯০ কেজি ইলিশের আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা ১৭টি বোটের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার টাকা।
অভিযান শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মুহতাছিন ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে।
লেফটেন্যান্ট মুহতাছিন ইসলাম আরও বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ বাসস
এসএস