কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে টাইম বোমাসদৃশ একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে টাইম বোমা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়েও নেওয়া হয়।
পরে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি। কুমারখালী থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতে সাধুরা পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ দেখে আমাকে জানালে আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে ব্যাগ দেখে পুলিশ সুপার মহোদয়কে জানাই। পরে ঢাকা থেকে ৪ সদস্যবিশিষ্ট বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সকালে এসে পরীক্ষা-নিরীক্ষা করে। তাদের মাধ্যমে জানতে পারি, সেটি টাইম বোমা।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
এফএস