জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্যসহ বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সভাটির আয়োজন করে এনসিপির মাদারীপুর জেলা শাখা।
সভায় নাহিদ ইসলাম বলেন, দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মাটিতেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। ওসমান হাদির হত্যার বিচারও নিশ্চিত করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিজেদের জাতীয়তাবাদী সরকার বলে দাবি করছে। তবে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে—বাংলাদেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করা হয়েছে। অন্যথায়, সরকারের সঙ্গে অন্য পক্ষের ‘আন্ডার টেবিল সমঝোতা’ রয়েছে বলে ধরে নেওয়া হবে।
এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এএইচ/আরএন