নাটোরের সিংড়ায় নৌকা থেকে নাগর নদে পড়ে মিনাল হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে নৌকায় করে নাগর নদ পারাপারের সময় এ ঘটনা ঘটে।
মিনাল নিলামপুর গ্রামের কৃষক মিঠন আলীর ছেলে। সে জয়নগর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকালে মিনাল তার বাবার সঙ্গে নৌকায় করে নাগর নদ পার হয়। বাবাকে নদীর এক পাড়ে রেখে একা বাড়ি ফেরার সময় সে পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।
তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ বলেন, তাঁর ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর গ্রাম পুলিশ (চৌকিদার) তাঁকে জানিয়েছেন। এমন মৃত্যু খুবই কষ্টদায়ক।
এসআই/আরএন