ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাড়লোসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময়
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম
এআই
X
Advertisement

এআই

দেশের সমুদ্রসীমায় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।


মঙ্গলবার (১৩ অক্টোবর) পেট্রোবাংলার প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


 বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় অনুসন্ধানসংক্রান্ত ডেটা বা তথ্য প্যাকেজের দাম ব্যাপকভাবে কমানো হয়েছে।

পাশাপাশি চার মাস বাড়ানো হয়েছে দরপত্র জমা দেওয়ার সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছয়টি ডেটা প্যাকেজের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে চারটি প্যাকেজ।


 বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২০২৬ সালের ৩০ নভেম্বর দুপুর ১টা। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে।  


পেট্রোবাংলার সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, আগে যেসব ডেটা প্যাকেজের দাম ছিল কয়েক লাখ ডলার, সেগুলোর মূল্য কমিয়ে সম্পূর্ণ প্যাকেজের জন্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ডলার।


এর মধ্যে রয়েছে ব্লক এসএস-১১ এর দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক ডেটা, ডিএস-১০ ও ডিএস-১১ ব্লকের ২ডি সিসমিক ডেটা, ডিএস-১১ ও ডিএস-৭ ব্লকের অংশবিশেষের ডেটা এবং ডিএস-১২, এসএস-০৪ ও এসএস-০৯ ব্লকের সিসমিক ডেটা।


আগে এসব প্যাকেজের দাম ছিল এক লাখ ৫২ হাজার ৫০০ ডলার থেকে ৫ লাখ ৮ হাজার ডলার পর্যন্ত। নতুন দরে প্রতিটি প্যাকেজের দাম দাঁড়িয়েছে মাত্র ৫ হাজার ডলার। ফলে প্যাকেজভেদে দাম কমেছে ৯৭ শতাংশ থেকে ৯৯ শতাংশের বেশি।  


এর মধ্যে এসএস-৪ ও এসএস-৯ ব্লকের ২ডি সিসমিক ডেটা প্যাকেজের দাম আগে ছিল ৫ লাখ ৮ হাজার ডলার। সেটি কমিয়ে ৫ হাজার ডলার করা হয়েছে। একইভাবে ডিএস-১২ ব্লকের ডেটা প্যাকেজের দাম ৩ লাখ ৫৮ হাজার ডলার থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ডলার। 


চারটি প্যাকেজ বিনামূল্যে

সংশোধিত বিজ্ঞপ্তিতে ১০টি ডেটা সেলস প্যাকেজের মধ্যে চারটি বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে।

বিনামূল্যের প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ১৯৭৪ থেকে ১৯৭৬ সালের ৩১ হাজার লাইন-কিলোমিটার পুরোনো অফশোর সিসমিক ডেটা, অফশোর কূপের তথ্য, হাইড্রোকার্বন হ্যাবিট্যাট স্টাডি এবং কাঞ্চন-১এক্স কূপের ডেটা। আগে এসব প্যাকেজের মধ্যে কয়েকটির জন্য ৫ হাজার ডলার এবং পুরোনো সিসমিক ডেটার জন্য প্রতি লাইন-কিলোমিটারে ১০ ডলার পর্যন্ত মূল্য নির্ধারিত ছিল।


পেট্রোবাংলা জানিয়েছে, ডেটা সেলস প্যাকেজ কেনা বাধ্যতামূলক নয়। আগ্রহী কোম্পানিগুলো চাইলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে পারবে। তবে সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, বাকি ছয়টি প্যাকেজের প্রতিটির সম্পূর্ণ সেটের মূল্য হবে ৫ হাজার ডলার।  


বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণ বাড়ানো অফশোর বিডিং রাউন্ডের অন্যতম লক্ষ্য। অনুসন্ধান কার্যক্রমে সম্ভাব্য ভূতাত্ত্বিক গঠন, সিসমিক জরিপ ও কূপসংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব তথ্য সংগ্রহের ব্যয় কমলে আগ্রহী কোম্পানিগুলোর প্রাথমিক মূল্যায়নের খরচও কমতে পারে।  


ডেটা প্যাকেজের মূল্য ব্যাপকভাবে কমানো এবং দরপত্র জমার সময়সীমা বাড়ানোর ফলে আগ্রহী কোম্পানিগুলো তথ্য পর্যালোচনা ও প্রস্তাব তৈরির জন্য অতিরিক্ত সময় পাবে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ে কি না- তা নির্ভর করবে অনুসন্ধান ব্লকের সম্ভাবনা, বিনিয়োগের শর্ত, ঝুঁকি এবং বাণিজ্যিক সম্ভাব্যতার ওপর।


বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাসের সরবরাহ বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানো গুরুত্বপূর্ণ। এ অবস্থায় সমুদ্রাঞ্চলে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উৎপাদনে বিনিয়োগ আকর্ষণ করা গেলে ইতিবাচক প্রভাব পড়তে পারে দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তায়।


তবে ডেটা প্যাকেজের দাম কমানোই অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ নিশ্চিত করবে না। দরপত্রে কতটি কোম্পানি অংশ নেয়, কতটি ব্লক বরাদ্দ হয় এবং সেগুলোতে বাস্তবে অনুসন্ধান কার্যক্রম শুরু হয় কি না- সেটিই হবে এই উদ্যোগের কার্যকারিতা মূল্যায়নের বিষয়। পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মূল দরপত্র বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।


কথা হয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) মহাব্যবস্থাপক (কন্ট্রাক্ট) হাসান মাহমুদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছয়টি ডেটা প্যাকেজের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে চারটি প্যাকেজ।


পেট্রোবাংলার এই কর্মকর্তা বলেন, আমরা আরও বেশি বিনিয়োগকারী আশা করছি। এ লক্ষ্যে সময়সীমা বাড়ানো হয়েছে এবং দাম কমানো হয়েছে।

তথ্য প্যাকেজ কিনেছে ১০ কোম্পানি

পোট্রোবাংলার তথ্য বলছে, বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় এখন পর্যন্ত তথ্য প্যাকেজ কিনেছে মোট ১০টি কোম্পানি। এর মধ্যে বেয়ারিঙ্গিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেড ২ জুন, ক্রিসএনার্জি ৩ জুন, পিইএএল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ৯ জুন, অনোডা ইনকরপোরেটেড ১০ জুন, রাইস্টাড এনার্জি ১৫ জুন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ১ জুলাই, টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও) ২৩ জুলাই, চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি) ইন্টারন্যাশনাল ১৭ আগস্ট, ইমপ্রেশন ভেঞ্চারস এজি ১৯ সেপ্টেম্বর এবং সিনোপেক ইন্টারন্যাশনাল এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড গত ২৩ সেপ্টেম্বর তথ্য প্যাকেজ কিনেছে।


অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর প্রমোশনাল প্যাকেজ বা বিড ডকুমেন্ট কিনেছে তিনটি কোম্পানি। এগুলো হলো- টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি, চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন ইন্টারন্যাশনাল ও সিনোপেক ইন্টারন্যাশনাল এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement