মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তাঁর ১০ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনিয়া (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়েলা গ্রামের আরফান আলী শেখের মেয়ে এবং মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।
আবুল হোসেন জানান, সাত দিনের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে তাঁরা মোটরসাইকেলে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটি দেখে আতঙ্কিত হয়ে সোনিয়া কোলে থাকা শিশুকে নিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জান্নাতও।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি বলেন, সোনিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে আনা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি উথলী এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএস