কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী-পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ।
পুলিশ জানায়, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া এলাকায় জড়ো করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৪ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে।’
মুহাম্মদ তাহের নঈম/এফএস