নভেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা, যা সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
গত মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।
বিইআরসি নির্ধারিত নতুন দাম অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
কমিশন জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বাড়ায় নভেম্বর মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। সৌদি সিপি বৃদ্ধির কারণে গত মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম মূসকসহ প্রায় ৭৪ টাকা বেড়েছে।
নভেম্বর মাসের জন্য সৌদি আরামকো প্রতি টন প্রোপেনের দাম ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার।
এর সঙ্গে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম প্রতি টন ২৫০ ডলার এবং ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে কমিশন।
এদিকে, সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এলপি গ্যাস পিএলসি সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।
এসএস