ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একই সড়ক ঘিরে দুই এমপির পাল্টাপাল্টি কর্মসূচি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকায় একটি সড়ক ঘিরে একই দিনে পৃথক কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির দুই নেতা। 

রোববার (১ নভেম্বর) সকালে সড়কটি পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। বিকেলে একই সড়কে কর্মসূচি পালন করেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। এ নিয়ে দুই নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। 

সীমান্তে বিজিবির টহল ও নজরদারি এবং পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষের চলাচল সহজ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। প্রায় দুই সপ্তাহ আগে সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকালের কর্মসূচিতে নুরুল ইসলাম বুলবুল উন্নয়নকাজে সাবেক সংসদ সদস্যকে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে উন্নয়নকাজ তদারকির দায়িত্বের কথা উল্লেখ করেন তিনি। বক্তব্যে নিজের নির্বাচনে ৬২ হাজার ৬১৯ ভোটের ব্যবধানের প্রসঙ্গ তুলে ধরে সাবেক সংসদ সদস্যের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

বিকেলের কর্মসূচিতে হারুনুর রশীদ সড়কটির কাজ ও অর্থ বরাদ্দের পেছনে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। নতুন সংসদ সদস্যকে আরও সড়ক নির্মাণের জন্য বরাদ্দ নিশ্চিত করার চ্যালেঞ্জ জানান তিনি। এ সময় তিনি বুলবুলকে উদ্দেশ করে কটূক্তিও করেন। পরে ফোনে হারুনুর রশীদ বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করতে পারেন।

ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, তিনি দুই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন, তবে এতে তাঁর বিশেষ কোনো ভূমিকা ছিল না। জনপ্রতিনিধিরা কাজ পরিদর্শনে গেলে ঠিকাদারদের উপস্থিত থাকা স্বাভাবিক বলেও জানান তিনি।

তবে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, সড়কটির কোনো আনুষ্ঠানিক উদ্বোধন করেনি এলজিইডি। আনুষ্ঠানিক উদ্বোধন হলে সেখানে ফলক স্থাপন করা হতো। তাঁর ভাষ্য, দুই সংসদ সদস্যই মূলত কাজ পরিদর্শন ও তদারকি করতে গিয়েছিলেন। জনপ্রতিনিধিরা কাজ দেখতে গেলে এলজিইডির কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা রয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝