রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি বিক্রি হয়েছে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায়।
সোমবার (২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ২২ কেজি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, ভোররাতে সেকেন হালদার তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান। পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলার পর তা তুলতেই বড় দুটি কাতল মাছ দেখতে পান তাঁরা।
পরে সকালে মাছ দুটি দৌলতদিয়া মাছ বাজারে আনা হলে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ১ লাখ ৮ হাজার ১০০ টাকায় মাছ দুটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান।
পরবর্তী সময়ে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় মাছ দুটি এক প্রবাসীর কাছে বিক্রি করেন।
বড় আকারের কাতল মাছ দুটি ধরা পড়ার খবর স্থানীয় মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
আরএন