দেশকে অস্থিতিশীল করার জন্য পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও একটি রাজনৈতিক শক্তি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছেন তিনি।
সোমবার বিকেলে সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতের নেতাকর্মীদের গুপ্ত হিসেবে আখ্যায়িত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের সঙ্গে মিশে থাকার কারণেই তাদের এভাবে অভিহিত করা হয়।
বিএনপির গণতন্ত্রের পক্ষে দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে রিজভী বলেন, একটি নীতি ও আদর্শের জন্য বিএনপি ১৭ বছর লড়াই করেছে। এ আন্দোলনে অনেক রক্ত ঝরেছে এবং বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন। সেই লড়াইয়ের মধ্য দিয়ে বিজয় নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনার নামে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
এর আগে সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
আরএন