চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) ই-মেইলে জানানো হয়, উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ইউজিসির সভায় অংশ নিতে ঢাকায় থাকায় তার অনুপস্থিতিতে অধ্যাপক দেলোয়ার হোসেন রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করবেন। রোববার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ দায়িত্ব কার্যকর থাকবে।
তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছেন, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও রুটিন দায়িত্বের আওতাধীন প্রশাসনিক কার্যক্রম বর্জন করা হবে।
শিক্ষার্থীদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আরএন