বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর ৬৮ মিটার দীর্ঘ জাহাজ ইউএসএস ওয়ারিয়র।
রোববার (১ নভেম্বর) বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়।
জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান।
সফরের অংশ হিসেবে সোমবার (২ নভেম্বর) স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে উদ্বোধন করা হবে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’। এতে যুক্তরাষ্ট্রের ইউএসএস ওয়ারিয়র, পি-৮এ সামুদ্রিক টহল উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নেভাল এভিয়েশন ইউনিট অংশ নেবে।
মহড়ায় দুই দেশের নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং নৌসদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ৫ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়রের।
আরএন