গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগকে পাশ কাটিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যাদের আটক করা হচ্ছে, তাদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি—সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এগিয়ে যাবে।
বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জামায়াতের রাজনৈতিক ইতিহাস আত্মসমর্পণ এবং স্বৈরশক্তির সঙ্গে আঁতাতের ইতিহাস।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এক দফা দাবি কিংবা রাজপথ দখলের হুমকি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।
এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চের কর্মসূচি না দিয়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানান রিজভী।
আরএন