
সংগৃহীত ছবি
মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার বিনিময়ে ঘুস দাবি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় রাস্তা সংস্কারের বরাদ্দ আত্মসাতের অভিযোগেও অভিযান চালিয়েছে সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ দপ্তর।
দুদক জানায়, কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল নাঙ্গলকোট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালায়। মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার বিনিময়ে সেবাপ্রার্থীদের কাছে ঘুস দাবি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগ-সংশ্লিষ্ট নথি, মাতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদনসংক্রান্ত রেকর্ডপত্র চায় দুদকের দল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব নথি দেখাতে পারেননি। নথিপত্র প্রস্তুত করে জমা দিতে তারা দুই কার্যদিবস সময় চেয়েছেন।
দুদকের দল সরেজমিনে কার্যালয়ের পরিবেশ বিশৃঙ্খল ও অগোছালো দেখতে পায়। সরকারি দপ্তরের স্বাভাবিক কর্মপরিবেশের ব্যত্যয় ঘটিয়ে কক্ষের ভেতরে কাঁথা-বিছানা পেতে শিশুর পরিচর্যার ব্যবস্থাও দেখতে পান তারা।
দুদক জানায়, স্থানীয় সূত্র ও জনশ্রুতিতে অভিযোগ পাওয়া গেছে, কার্যালয়ের এক অফিস সহকারী ২০১৯ সাল থেকে একই কর্মস্থলে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্রয়ে দীর্ঘদিন একই জায়গায় থাকার সুযোগে তিনি স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে সেবা দিতে অর্থ দাবি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগের সত্যতা নথিপত্র পর্যালোচনা ও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
অন্যদিকে জামালপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সরিষাবাড়ী পৌরসভায় রাস্তা সংস্কারের বরাদ্দ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা অর্থের বিপরীতে কোনো কাজ না করেই তা আত্মসাৎ করা হয়েছে।
অভিযানকালে দুদকের দল পৌরসভার প্রশাসকের দপ্তর থেকে অভিযোগে উল্লেখ করা প্রকল্পগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে সংশ্লিষ্ট প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
টিআই