মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক মসজিদের সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁওয়ের একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন।
অভিযোগ রয়েছে, ওই শিশুর মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। পরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি। প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে।
এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন নূর আলম। পাশাপাশি তার সঙ্গে দেখা করা ও ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে নিজের ধারণ করা একটি অশ্লীল ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে দেন। একই সঙ্গে তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, ঘটনাটি জানার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করা হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশের নেতৃত্বে একটি দল শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলম শেখকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
এ ঘটনায় নূর আলম শেখের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোজাম্মেল হোসেন সজল/ এফএস