আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে নিজের তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে। আমরা ব্যবসা করতে চাই না। তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যার যার সম্মান তাকে দিতে হবে। জুলাই চেতনাকে ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরও যথাযথ সম্মান জানাতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমান প্রধানমন্ত্রীও একজন মুক্তিযোদ্ধার সন্তান।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে কায়কোবাদ বলেন, তারেক রহমান দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেন। একদিন অফিস সময়ের পর তার সঙ্গে কথা বলার সময় তাকে অত্যন্ত ক্লান্ত দেখলেও কথাবার্তায় ক্লান্তির কোনো ছাপ ছিল না। তিনি সব সময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করেন।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএন