জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মাধ্যমে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে ভবনের বাতিগুলো সেন্সর ব্যবস্থার আওতায় আনা এবং সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকায় বিদ্যুতের বিল আদায়ে মিটার স্থাপনের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মতামত প্রদান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এতে সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম, ভবনের বায়ু চলাচলের অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত স্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংসদ ভবনে বিদ্যুতের অপচয় কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা বাড়ানো এবং অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়।
এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রি-পেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ ক্ষেত্রে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে এসি চালু করার সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠের বরাদ্দ ও চুক্তি সংক্রান্ত তথ্য যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য একটি পূর্ণাঙ্গ ডিপিপি তৈরি করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস