বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শক্তিশালী সাংগঠনিক ইউনিট ঢাকা মহানগর উত্তরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর উৎসবে মেতে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। সাবেক সফল যুবদল নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন)-কে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব নির্বাচিত করায় আজ রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির অগণিত সমর্থক ও নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) সকালে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে এবং দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডে একযোগে এসব আনন্দ মিছিল বের করা হয়।
রাজধানীর মিরপুর, উত্তরা, গুলশান, তেজগাঁও, ও বাড্ডা এলাকা থেকে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে মিছিল নিয়ে রাজপথে নামেন। মিছিলে নেতাকর্মীরা নয়া আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীরের পক্ষে স্লোগান দেন। নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী, সুসংগঠিত এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতারা।
মিছিল শেষে পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, “দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রাজপথে থাকা ত্যাগী নেতা শফিকুল ইসলাম খান মিল্টনকে মূল মূল স্রোতে আহ্বায়ক করায় তৃণমূলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ঢাকা মহানগর উত্তরে নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে।”