ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, কাভার্ড ভ্যানে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ার নরসিংপুর এলাকায় হামীম নীট এশিয়া শারমিন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। দিনের প্রথম ভাগে আন্দোলন কিছুটা স্থিমিত থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার শ্রমিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে অনুযায়ী মজুরি বৃদ্ধি করা হয়নি। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হলেও আন্দোলন অব্যাহত রয়েছে।

এদিকে, আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুরো শিল্পাঞ্চলে বিরাজ করছে উত্তেজনা ও আতঙ্ক।

অন্যদিকে, তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই আন্দোলন শ্রমিকরা করছেন না, বরং পতিত স্বৈরাচাররা করছেন। শ্রমিকদের আন্দোলনে যারা ইন্ধন দিয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে।’

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। শ্রমিকদের তিন বছর পরপর মজুরি বৃদ্ধির নিয়ম অনুযায়ী সরকার গত কয়েক দিন ধরেই কাজ করছিল। এরই মধ্যে রোববার নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে সরকার মালিকদের সহযোগিতা চেয়েছে।


উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে।

গত রোববার শ্রমিকদের বিক্ষোভের কারণে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও কারখানার উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে।

শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্যও রাখা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব পালন করবে এই বোর্ড।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝