ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাকশিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করে গুরুত্বপূর্ণ এ খাতকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, যা এ খাতের জন্য বড় ধরনের হুমকি। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। তাঁর মতে, কোনো সচেতন শ্রমিকই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করতে পারেন না।


তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে প্রতিবছর দেশের পোশাকশিল্পে যে বিপুল ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়, চলমান অস্থিরতার কারণে এবার তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিল্প খাতে সৃষ্ট এ পরিস্থিতির পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও কর্মসংস্থানে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। ফলে কোনো মহলের উসকানি কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এ গুরুত্বপূর্ণ শিল্প খাত যাতে ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চলমান সংকট নিরসনে মালিক, শ্রমিক, সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝