গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) এবং বাকি দুটি করেছে শিল্পাঞ্চল পুলিশ।
এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে সোমবারও গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন।
সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
গাজীপুরের পাশাপাশি আশুলিয়া ও রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
আরএন