যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে একাধিক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এসব ঘটনা ঘটে।
সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায়। সেখানে পৃথক তিনটি গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন। এ ছাড়া ফ্লোরিডার জ্যাকসনভিলে, মিসিসিপি, আলাবামা, ইলিনয়, ইন্ডিয়ানা ও ডেলাওয়ারসহ বিভিন্ন স্থানে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে।
নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম এবং বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে এসব গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি ঘটনার তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরএন