ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
শনিবার (৩১ অক্টোবর) তেল আবিবের হাবিমা স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরোধী দলগুলোর প্রতি আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে নতুন সরকার গঠনের আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরিবর্তন আনার এটাই হয়তো শেষ সুযোগ। তাদের অভিযোগ, নেতানিয়াহু একজন বড় মাপের কৌশলী রাজনীতিক।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। দেশটির তিনটি আরব নেতৃত্বাধীন দল নির্বাচনে মোট ১৯টি আসন পেয়েছে। ফলে এসব দলের সমর্থন পেলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৬৭টিতে।
তবে এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন আইজেনকোট। নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় নতুন করে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে বিক্ষোভের বিপরীতে নেতানিয়াহুর সমর্থকরাও পাল্টা অবস্থান নেন। তারা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরোধিতা করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে আরব-ইসরায়েলি ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার রা'আম ও জয়েন্ট লিস্টের পক্ষে ভোট ৬৪ শতাংশ বেড়েছে। প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ দল দুটিকে ভোট দিয়েছেন।
অন্যদিকে নেতানিয়াহু ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম ও কাতারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন। তবে কাতার এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে অপপ্রচার বলে অভিহিত করেছে।
এফএস