ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তেহরানের শর্ত মেনে যুক্তরাষ্ট্র সম্মত হলে আগামী দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কাতারে ইরানি প্রতিনিধিদলের সফরকালে এ তথ্য জানান আরাঘচি।
এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি তিনি পর্যালোচনা করেছেন। তাঁর দাবি, চিঠিতে ওয়াশিংটনের অবস্থান ও বক্তব্যের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিষয়টিকে তিনি ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং কূটনৈতিক উপায়ে সংকট সমাধান করতে আগ্রহী ওয়াশিংটন।
এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হুমকির জবাবে সামরিক কমান্ডারদের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এটি পুনরায় চালু করা নিয়ে চলমান আলোচনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এফএস