বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের পর নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১ হাজার ৩৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের সৃষ্টি হয়। পরদিন ২৬ অক্টোবর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝুরে পরিণত হয় অর্ণব।
২৮ অক্টোবর ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আঘাতের সময় এর বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার।
এসএস