ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিয়াদে ড্রোন প্রতিহত, মদিনায় হামলা অস্বীকার হুথিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গতকাল শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য জানান।

একই সময়ে মদিনা অঞ্চলে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুর্কি আল-মালকি বলেন, রিয়াদ অঞ্চলে একটি শত্রু ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়লেও এতে কেউ আহত হননি বলে জানান তিনি। তবে ড্রোনটি কোথা থেকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি মালকি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করছে সৌদি পক্ষ।

হামলার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে গত শুক্রবার তুর্কি আল-মালকি অভিযোগ করেন, হুথিরা মদিনা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী।

সৌদি আরবের তেল অবকাঠামো, বিমানবন্দর ও জাহাজে হামলার ঘটনাগুলো ঘটছে ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সমর্থন দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, হুথিরা দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং দুই লাখ ৭৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০২২ সালে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটার পর পরিস্থিতির আরও অবনতি হয়। সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের আকাশসীমা উপেক্ষা করে হুথিদের নিয়ন্ত্রিত রাজধানী সানায় একটি ইরানি বিমান অবতরণের অনুমতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথি গোষ্ঠী। পাশাপাশি সৌদি জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনায় হামলা চালানোর খবর পাওয়া যায়। অন্যদিকে, হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি বিমান হামলার খবরও প্রকাশ করেছে গোষ্ঠীটি। এসব হামলাকে হুতিদের আক্রমণের পাল্টা জবাব হিসেবে দেখছে সৌদি পক্ষ।

গত শুক্রবার ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটে। সৌদি বাহিনী হুথিদের একটি হামলা প্রতিহত করার কথা জানানোর কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। ইয়েমেনের পুলিশের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সদরদপ্তর এডেনে অবস্থিত। দীর্ঘদিনের গৃহযুদ্ধে নতুন করে সংঘাত শুরুর পর থেকে শহরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘটনার পর প্রেসিডেন্ট প্রাসাদে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছেন বলে এএফপিকে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।

প্রাসাদটি কয়েকটি ভবন নিয়ে গঠিত একটি বড় স্থাপনা। এর কিছু অংশ ইয়েমেন সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী ব্যবহার করে।

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া

এদিকে, ন্যাটোর আদলে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। গতকাল শনিবার বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ কথা জানান।

তিনি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়ন করতে বর্তমানে আলোচনা চলছে।’

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে থাকা সৌদি আরব সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন নেতৃত্ব ক্ষমতায় আসে।

হুথিদের হামলার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন জোরদার করতে কাজ করছে সৌদি আরব। চলতি মাসে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে বাধ্য করা বড় ধরনের হামলার ঘটনাও সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে অন্য দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement