ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক সাইবার হামলার চেষ্টা, সংশ্লিষ্টদের সতর্কবার্তা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বারবার অননুমোদিত প্রবেশের চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে শুরু হওয়া এ ঘটনায় অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বোর্ড।

সোমবার বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানায় বিসিবি। অ্যাকাউন্টটির নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করতে সবাইকে অনুরোধ করেছে সংস্থাটি।

বিসিবির তথ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার লক্ষ্যবস্তু হচ্ছেন ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পাঠানো বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও যুক্ত করা হচ্ছে। এসব লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিসিবি। বিশেষ করে বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো লিংক, বার্তা বা আমন্ত্রণ এলে তা যাচাই না করে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বিসিবি বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনো লিংকে ক্লিক, ওপেন বা যুক্ত হওয়া যাবে না। পাশাপাশি এসব বার্তা উপেক্ষা করার এবং কোনো অবস্থাতেই লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

এদিকে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

তবে এখন পর্যন্ত হ্যাকাররা অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, কিংবা কতজনের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিসিবি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝