প্রধানমন্ত্রীর ব্যবহৃত বিশেষ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। এসব ত্রুটির প্রকৃত কারণ কী, কোন পর্যায়ে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা কী—তা অনুসন্ধান করে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, সাম্প্রতিক কার্যক্রম এবং বিভিন্ন সময়ের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে ঘন ঘন কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানের পাশাপাশি এসব সমস্যার জন্য দায়ী বিষয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরতে বলা হয়েছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের নির্দেশ দিয়েছে কমিটি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনাকাটা, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং বিভিন্ন ক্রয়চুক্তিতে সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। অতীত ও সাম্প্রতিক সময়ের এসব কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানের আইটি ব্যবস্থার দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার বিষয়েও তাগিদ দিয়েছেন কমিটির সদস্যরা।
বৈঠকে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অডিট আপত্তি নিষ্পত্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সরকারি কোষাগারে এ পর্যন্ত কত টাকা আদায় হয়েছে, কত অর্থ এখনো অনাদায়ি রয়েছে এবং আর্থিক অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে কমিটি।
কমিটির নির্দেশনা অনুযায়ী, নিষ্পত্তি হওয়া এবং এখনো ঝুলে থাকা প্রতিটি অডিট আপত্তির বিপরীতে দাপ্তরিক প্রমাণপত্রসহ একটি সমন্বিত কর্মপরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও পরিচালন কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়, বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
আরএন