ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
X

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। আট বিভাগের আটটি জেলা মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

প্রাথমিক পর্যায়ের জেলাভিত্তিক আবেদনের মধ্যে মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে।

এর ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ের আট জেলা বাদে অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচির বিস্তারিত নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে।

এদিকে ঋণ প্রদানের ক্ষেত্রে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে যোগ্য উদ্যোক্তাদের নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আবেদনের সময়সীমা: ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬।

আবেদনসংক্রান্ত তথ্য: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: www.bb.org.bd

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝