চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে এসব পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের কার্যক্রম আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।
এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
ফলাফল ঘোষণার দিনই এসব শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সময়সীমা নিশ্চিত করল ঢাকা শিক্ষা বোর্ড।
আরএন