ভোলার লালমোহন উপজেলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল মাঝি (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল মাঝি ওই এলাকার মৃত মো. সিদ্দিক মাঝির ছেলে।
জানা গেছে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একটি দল লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জনতা বাজারের বেড়িবাঁধগামী কাঁচা রাস্তার ওপর থেকে হেলাল মাঝিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির এসআই মো. আবু ইউসুফ বলেন, আটকের পর হেলাল মাঝির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এইচপি/আরএন