কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের মো. রাশেদ (২০) এবং উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২২)।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে তিনটি পোটলায় রাখা খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ১২টি কার্টনে থাকা মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসইউ/আরএন