⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:০৪ পিএম

X
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান জানান, খাদ্যের ডিপো থেকে বের হওয়া একটি দ্রুতগতির ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ ও দুই নারী মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা (৩৫) এবং নগরীর জুবলি ঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ (৩৫)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।