খুলনার শহরতলীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা মৃতদেহ সনাক্তকরণে খুলনা সদর থানা পুলিশের পক্ষ থেকে সহযোগীতা চাওয়া হয়েছে। ওই তরুণীর মাথায় আঘাতের চিহ্ন ও গলায় দাগ রয়েছে।
বুধবার (৮মে) রাত সাড়ে ৯টার দিকে বস্তাবন্দী অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ওই তরুণীর পরিচয় সনাক্ত করা যায়নি। মেয়েটির ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এছাড়া পরিচয় সনাক্তে পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডি, পিবিআই কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মেয়েটির মাথায় আঘাতের এবং গলায় দাগ রয়েছে। তবে কি দিয়ে আঘাত করা হয়েছে তা সনাক্ত করা যায়নি। এছাড়া দুপুর পর্যন্ত ময়না তদন্ত হয়নি। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকান্ডটি নিরালা ও প্রান্তিক আবাসিক এলাকা বা তার আশপাশের এলাকায় ঘটতে পারে। কারণ, বস্তা থেকে উদ্ধার হওয়ার সময় তাজা রক্ত বের হচ্ছিলো। ফলে ধারণা করা হচ্ছে- হত্যাকান্ডটি খুব বেশি দুরে ঘটেনি। পুলিশ ওই এলাকায় নজরদারী বাড়িয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রান্তিক আবাসিক এলাকার ৩নং রোডের ৭ তলা ভবনের সামনে রাস্তার ওপর প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে তাজা রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।
এদিকে খুলনা সদর থানা পুলিশের পক্ষ থেকে লাশটি সনাক্তে নগরবাসীর সহযোগীতা চাওয়া হয়েছে।
এসএমএস/এসআর