ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বুকসমান পানি পেরিয়ে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল ফায়ার সার্ভিস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম
X Advertisement

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় প্রসববেদনায় কাতর এক নারীকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না পরিবারের। শেষ পর্যন্ত বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে নিরাপদ স্থানে এনে অ্যাম্বুলেন্সে তুলে দেয় ফায়ার সার্ভিস। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া প্রসূতি মিজবাহুল জান্নাত (২২) সৌদিপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, রাত দুইটার দিকে তার প্রসববেদনা শুরু হয়। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হলেও বন্যার পানিতে পুরো সড়ক ডুবে যাওয়ায় কোনো যানবাহন চলাচল সম্ভব হয়নি। পরে ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বুকসমান পানি অতিক্রম করে স্ট্রেচারে করে প্রসূতিকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। সেখানে প্রস্তুত থাকা অ্যাম্বুলেন্সে তুলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বাড়িটি স্টেশন থেকে মাত্র ৬০০ মিটার দূরে হলেও পুরো পথই পানিতে তলিয়ে ছিল। তাই স্ট্রেচারে কাঁধে বহন করেই প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় জরুরি সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝