ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম
X

মুক্তিপণের দাবিতে অপহৃত এক যুবককে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ঢাকার গুলশান থানা পুলিশের সমন্বিত অভিযানে রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকার কাজী ভিলা থেকে ভুক্তভোগী ইনছান বেপারী (২২)–কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (২৭ জুন) সকালে ভুক্তভোগীর মা মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, তার ছেলে ইনছান বেপারী আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমো কলে অজ্ঞাত ব্যক্তিরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

ঘটনার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও কৌশলগত অনুসন্ধানের মাধ্যমে অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গুলশান থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নোয়াখালীর চরজব্বার থানার চরবৈয়াগাছী এলাকার মো. সোহেল (২৪), নোয়াখালীর সুধারাম থানার কেরামতপুর এলাকার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী থানার পশ্চিমপাড়া এলাকার মো. রোমান ইসলাম (২৩)। তারা ঢাকার শাহজাদপুর এলাকার কাজী ভিলায় বসবাস করতেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ভুক্তভোগী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। পরে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক নাইমসহ কয়েকজন সহযোগী তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করেন এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, “জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। দক্ষ তদন্ত, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝