বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মেধাবী প্রজন্ম তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ।
অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে ড. মঈন খান বলেন, “ডা. জুবাইদা রহমান মেধা ও মননে উজ্জ্বল একজন ব্যক্তিত্ব। তিনি জন্মদিনের আড়ম্বরপূর্ণ উদযাপনে বিশ্বাসী নন। বরং মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনের কাজে তিনি সবসময় নিবেদিত। তার জীবনদর্শন মানুষের কল্যাণ ও সমাজ উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”
তিনি আরও বলেন, “আজকের আয়োজনেও সেই মানবিক ও সমাজকল্যাণমূলক চিন্তার প্রতিফলন ঘটেছে।”
অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছের চারা রোপণ করেন ড. মঈন খান। এছাড়া তিনি পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
পরে হাফেজ ও পথশিশুদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ন চৌধুরী, হাফিজ আল আসাদ সাঈদ খান, যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদসহ জেডআরএফ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
জেবি/ এসআর