| BREAKING: |

সংগৃহীত ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেট্রো স্টেশনে অস্থায়ী দোকান বসানো বা পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। রাজধানীকে পোস্টারমুক্ত রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোচিং সেন্টার, হোস্টেল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যত্রতত্র পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এসব বন্ধে নাগরিক সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাস্তা, গাছ বা দেয়ালে পোস্টার লাগানোর কোনো অনুমতি নেই। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এতে সেতুর কোনো ঝুঁকি নেই। বরং নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষার জন্য এটি প্রয়োজন।
এ সময় রাজধানীর বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, কল্যাণপুর, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা বাস কাউন্টারও ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে। কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সুযোগ বন্ধ করা হবে।