গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৬৬৬ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৩ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে মারা গেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। তাদের মধ্যে ৩৩১ জন শিশু ঢাকা বিভাগের। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন এবং বরিশাল বিভাগে ১৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ৯৫ দিনে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৭৪ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ১০ হাজার ৭৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ৯৫ দিনে ৭০ হাজার ৫০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।